ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফা কমেছে
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজ্যুমার কেয়ার বাংলাদেশের চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি থেকে জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আগের বছরের একই সময়ের চেয়ে কোম্পানিটির মুনাফা ৪৮ শতাংশ কমেছে। বিক্রি কমে যাওয়ায় মুনাফা ধস নেমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৭৮ পয়সা। বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৯ টাকা ৪৫ পয়সা বা ৪৮ শতাংশ।
চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১২ টাকা ৬২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ৮ টাকা ৫৮ পয়সা বা ৬৮ শতাংশ।
গত ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।
কোম্পানিটির থেকে জানানো হয়েছে, বিক্রয় কমে যাওয়া এবং আগের বছরের একই সময়ে ট্রেডমার্ক ও প্রযুক্তি রয়্যালটি দায় পুনর্মূল্যায়নের ফলে এককালীন মুনাফা অন্তর্ভুক্ত থাকায় চলতি হিসাব বছরের আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা কমেছে। এছাড়া ২০২৫ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা ও পরিশোধের কারণে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও (এনএভিপিএস) আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।
এদিকে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৮ জুলাই থেকে আগামী তিন বছরের জন্য মো. রুহুল কুদ্দুস খানকে পর্ষদের চেয়ারম্যান, শামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স এবং শারমিন আক্তারকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।