চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে যুবক নিখোঁজ
প্রতিকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ওপারে পদ্মা নদী পেরিয়ে ভারতে গরু আনতে যাওয়ার পর সোহেল রানা (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই যুবক দুর্লভপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামনাথপুর গ্রামের মইনুল হকের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি গরু আনতে ভারতে যাওয়ার পর অন্যরা ফিরে আসলেও সোহেল ফিরে আসেনি।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সোহেলের নিখোঁজ হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে।
বিএসএফের হাতে তিনি আটক হয়েছেন এমন শোনা গেছে বলেও এলাকাবাসী জানিয়েছেন। সোহেল চোরাকারাবারে জড়িত বলেও শোনা গেছে।
সংশ্লিষ্ট ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল গফুর ও ৯নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, গরু আনতে গিয়ে সোহেল নিহত হয়েছেন বলেও এলাকায় গুজব রটেছে।
তবে নিহতের ঘটনা সোমবার রাত ১১টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) উপ-অধিনায়ক মেজর আসরারুর হক বলেন, সোহেলের নিখোঁজের ঘটনাটি স্থানীয় ও পরিবার সূত্রে বিজিবি জানতে পেরেছে। এ ব্যাপারে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারও গত রবিবার রাতে সোহেল কাজে বাইরে যাওয়ার পর নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে। সীমান্তে নিখোঁজ হয়েছে এমন অভিযোগ করেনি।