জাবিতে নির্মাণাধীন ভবনের ৮তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাবিতে নির্মাণাধীন ভবনের ৮তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১০তলা একটি আবাসিক ভবনের ৮তলা থেকে পড়ে রাকিব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে খবরটি জানাজানি হয়। এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে অবস্থিত।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাকিব নির্মাণাধীন ভবনের ৮তলা থেকে ময়লা নিয়ে নামতে যাচ্ছিল। এ সময় ময়লার বস্তা দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বস্তাসহ তিনি নিচে পড়ে যান। পরবর্তী সময়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেলে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে এনাম মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

তবে মৃত্যুর বিষয়টি ওইদিন মধ্যরাতে জানাজানি হলে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রমিকদের জন্য নিরাপত্তা বেষ্টনী (ক্যানপি) ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এ ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঘটনাটি তদন্ত সাপেক্ষে নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, তার মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমরা তাৎক্ষণিক প্রশাসনিক সভা ডেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সব নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, নিহতের পরিবারকে দাফন-কাফন সম্পন্নের জন্য প্রাথমিকভাবে দুই লাখ টাকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ আগস্টেও জাবির অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবন সংলগ্ন লেকচার থিয়েটারের চতুর্থ তলা থেকে পড়ে আরিফুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।