শীত আসার আগেই ফাটছে গোড়ালি, যত্ন নিন এভাবে

শীত আসার আগেই ফাটছে গোড়ালি, যত্ন নিন এভাবে

ছবি: সংগৃহীত

দিনক্ষণ আর আবহাওয়ার হিসেবে শীত এখনো না এলোও ত্বকের নানা পরিবর্তন শীতের আগাম বার্তা দিচ্ছে। এই যেমন ইতোমধ্যেই অনেকেরই পা ফাটার সমস্যা দেখা দিয়েছে। গোড়ালি ফেটে হচ্ছে চৌচির। এই সমস্যা হলে হাঁটতে কষ্ট হয়। এতে পায়ের চামরা খসখসে হয়ে পড়ে। তাই শীত আসার আগেই এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি। 

পা ফাটার সমস্যা প্রতিরোধ করতে নিয়মিত পা পরিষ্কার করুন। রোজ ময়েশ্চারাইজার মাখুন। এছাড়া সপ্তাহে ২-৩ বার ফুট স্ক্রাব ব্যবহার করতে পারেন। তবে বাজারচলতি ফুট স্ক্রাব ব্যবহার না করে ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করুন। কীভাবে এটি তৈরি করবেন, চলুন জানা যাক- 

মধু ও লেবুর ফুট স্ক্রাব

১ কাপ চিনি, ১/২ কাপ নারকেল তেল, ২ চামচ মধু আর অর্ধেক লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি এয়ার টাইট কৌটোতে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। মধু পায়ের চামড়া ময়েশ্চারাইজড রাখে এবং ত্বকে হাইড্রেশন যোগ করে।

নারকেল তেলও ত্বকে আর্দ্রতা জোগায়। অন্যদিকে, মধু ও চিনি ত্বক এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এতে মৃত কোষ দ্রুত পরিষ্কার হয়ে যায়। এই স্ক্রাব ব্যবহারে গোড়ালি ভালো থাকবে, পায়ের দুর্গন্ধও দূর হবে। 

এই ফুট স্ক্রাব কীভাবে ব্যবহার করবেন? 

এক বালতি ঈষদুষ্ণ পানি নিন। এতে ১০-১৫ মিনিট পা দুটো ডুবিয়ে রাখুন। এতে চামড়া নরম হয়ে যাবে এবং এক্সফোলিয়েট করতে সুবিধা হবে। এরপর বডি ওয়াশ বা শ্যাম্পু দিয়ে পা ভালো করে ধুয়ে নিন।

এরপর পায়ে মধু ও লেবুর হোমমেড স্ক্রাব লাগান। সার্কুলেশন মোশনে স্ক্রাব করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এরপরে ঈষদুষ্ণ পানি দিয়ে পা ধুয়ে নিন। শুকনো করে মুছে পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। 

সপ্তাহে ২-৩ বার এই স্ক্রাবটি দিয়ে পা এক্সফোলিয়েট করতে পারেন। এতে পুরো শীতেই পায়ের গোড়ালি থাকবে নরম ও নমনীয়।