হাতিয়ার মেঘনা নদীতে ১৪০ টন চোরাই কয়লাসহ আটক দুই
সংগ্রহীত ছবি
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৪০ টন চোরাই কয়লা ও ৪টি কার্গো বোটসহ ২ জন চোরাকারবারি আটক করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে স্থানীয় টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে একটি অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন উপজেলার দাসের হাট এলাকার ইয়াছিন আরাফাত (২৯) ও চরইশ্বর ওছখালী এলাকার শাহেদ মিয়া (৩৩)।
সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, হাতিয়ার টাংকির খাল এলাকায় সন্দেহজনক ৪টি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি করে অবৈধ ও চোরাই পথের প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ১৪০ টন কয়লাসহ ২ জন চোরাকারবারিকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়েছে। জব্দ কয়লা ও চোরাই কাজে ব্যবহৃত বোটসহ আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
উপকূলীয় এলাকায় অপরাধ দমনে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানানো হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা জানান, ১৪০ টন কয়লাসহ আটক দুই চোরাকারবারিকে সোমবার বিকেলে থানায় কোস্ট গার্ড হস্তান্তর করেছে।
তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।