ইবিতে গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

ইবিতে গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

সংগৃহীত

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ‌‘পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে এটি অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পরিবেশ ও টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে পোস্টার উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ‘শিল্পায়ন বনাম পরিবেশ: টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ’, ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ: নিষ্কাশনে আলো সচেতনতা’, ‘প্লাস্টিক দূষণ: একবার ব্যবহারে শত বছরের ক্ষতি’, ‘মরুকরণ: মৎস্য ও ভূমি বিজ্ঞানের বৈজ্ঞানিক ভূমিকা’, ‘কার্বন বাণিজ্য ব্যবস্থা: পরিবেশ রক্ষায় বাজার নীতি’, ‘অভ্যন্তরীণ নদী অববাহিকা ধ্বংস: বাংলাদেশের শ্রেষ্ঠাপট’, ‘জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা সংকট’ এবং ‘পারমাণবিক শক্তি: পরিষ্কার জ্বালানি নাকি নতুন হুমকি’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেজেন্টেশন করেন। নাসিম আলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি ইমতিয়াজ আহম্মেদ ইমন।

অনুষ্ঠানে গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আল মুহিত ও আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে ছিলেন ইবি সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল হক জায়িম, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, ইবি রিপোটার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী, জুলাই -৩৬ হল কালচারাল ক্লাবের কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না। আরও উপস্থিত ছিলেন গ্রীণ ভয়েস ইবি শাখার সাবেক সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহম্মেদ ইমন ও সম্পাদক মিলন রানা মুরাদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের কর্মসূচি তাঁদের চিন্তাকে আরও পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।

সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ বলেন, আজকের পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণকারীরা পরিবেশ-সংকট ও তার সমাধান বিষয়ে যে সৃজনশীল দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, তা আমাদের আগামী প্রজন্মের জন্য আশার আলো। গ্রীন ভয়েস ইবি শাখা সবসময়ই পরিবেশ সংরক্ষণ ও মানবিক উন্নয়নের যেকোনো প্রয়াসে পাশে থাকবে।

সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহম্মেদ ইমন বলেন, পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের উপরে গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন প্রতিযোগিতাটি মূলত পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়তে টেকসই উন্নয়ন, পরিবেশ বান্ধব দেশ বিনির্মানে তরুণদের আগ্রহ জাগিয়ে তোলা। সেইসাথে পরিবেশ নিয়ে আগামীর প্রজন্মকে সবুজ বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা।  

অধ্যাপক ড. আরমীন খাতুন বলেন, বর্তমান প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশের প্রতি সংবেদনশীল করে তোলার এটি এক অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের এমন সৃজনশীল অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রকৃতির সুরক্ষায় প্রত্যেকের ভূমিকা অপরিহার্য। গ্রীন ভয়েসের এই আয়োজন টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।