ফুটবল খেলা নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ১৫

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ১৫

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ রাতে টর্চলাইটের আলোতেও চলতে থাকে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা বিকেলে ফকিরহাটি গ্রামের একটি মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফকিরহাটি গ্রামের এক কিশোর দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এ ঘটনার জেরে দুই গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়ে।

পরে সন্ধ্যা ঘনিয়ে এলে দুই গ্রামের শতাধিক লোকজন টেঁটা, বল্লম, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা ধানক্ষেতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত নামার পর টর্চলাইটের আলো জ্বালিয়ে তারা ধাওয়া-পালটা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল থানার ওসি মোর্শেদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।