কিশোরগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী

কিশোরগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী

সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের মোট ৬৪ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

শনিবার (৮ নভেম্বর) রাতে জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেয় জামায়াতে ইসলামী।

অনুষ্ঠানে নবাগতদের হাতে ফুল তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য এবং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন— জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬২ জন নেতাকর্মী।

এছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার এবং করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলামও এসময় জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কর্মীরা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। তাই আমরা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। 

এসময় যুবদল নেতা আল হারুন বলেন, ‘আমি ২০০৯ সাল থেকে যুবদলের রাজনীতিতে আছি। কিন্তু ৫ আগস্টের বিএনপি ও বর্তমান বিএনপি এক নয়। বিভিন্ন দল খতিয়ে দেখে বুঝেছি, দেশে ইনসাফভিত্তিক রাজনীতি শুধু জামায়াতই করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ছেলেদের জয়ের ঘটনাও আমাকে অনুপ্রাণিত করেছে।’

নতুন যারা যোগদান করেছেন তারা দলটির জানের ভাই হিসেবেই থাকবে জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, ‘দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। বিএনপির যে নেতাকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতারা। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন।