মহেশপুরে কৃষকদের অধিকার নিশ্চিতে সংগঠনের আত্মপ্রকাশ
সংগ্রহীত ছবি
বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন ঝিনাইদহের মহেশপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর বাজারের শান্ত নার্সারি ও ফুলঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মুসা, কৃষি উদ্যোক্তা ড. নজরুল ইসলাম, আহসাউল হক ডন, আলমঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
পরিচিতি সভা শেষে মো. রফিকুল ইসলাম খাঁনকে সভাপতি ও মো. হেকমত আলীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। বক্তারা বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিত করা হবে।
বক্তারা আরও বলেন, এ ধরনের কমিটি এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো জেলায় গঠন করা হয়নি। ঝিনাইদহের কৃষকদের নিয়ে এই প্রথমবারের মতো এই কমিটি গঠন হলো।