নারায়ণগঞ্জে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান লুট করলেন পুকুরের মাছ, ভুক্তভোগীর জিডি

নারায়ণগঞ্জে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান লুট করলেন পুকুরের মাছ, ভুক্তভোগীর জিডি

সংগ্রহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৈতৃক সম্পত্তির পুকুর দখল ও মাছ লুটের অভিযোগ উঠেছে বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় পার্টির এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বন্দর থানায় এ বিষয়ে জিডি করেছেন ভুক্তভোগী মো. আরাফাত রিফাত (৩৩)।

অভিযোগে উল্লেখ করা হয়, রিফাত ও তার পরিবার দীর্ঘদিন ধরে বন্দর থানার বারপাড়া মৌজার শাসনেরবাগ এলাকায় ১০০ শতাংশ পৈতৃক জমির পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. আউয়াল (৩৮), শাহীন আহাম্মেদ (৩৬), মুসাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলমসহ (৪০) ১৫-২০ জন পুকুর দখল ও মাছ লুট করে নিয়ে যায়।

 

অভিযোগ অনুযায়ী, সোমবার সকাল ৭টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুকুরে হামলা চালান। প্রথমে আউয়াল পুকুরে জাল ফেললে রিফাত বাধা দেন। এ সময় মুসাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলমসহ তারা সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক পুকুরের প্রায় এক লাখ টাকার মাছ ধরে নিয়ে যায় এবং রিফাতসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।

 

রিফাত জানান, হামলার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে চিকিৎসা নেওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।