রাজধানীতে বাসে অগ্নিসংযোগকালে ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে তরুণের মৃত্যু
সংগ্রহীত ছবি
রাজধানীতে বাসে অগ্নিসংযোগকালে ধাওয়া খেয়ে পালানোর সময় তুরাগ নদীতে ডুবে এক তরুণ মারা গেছেন। এই ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধে তুরাগ নদীতে এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, জনতার হাতে ধাওয়া খেয়ে পানিতে ডুবে নিহত দুষ্কৃতকারীর নাম সাইয়াফ (১৮) এবং গ্রেপ্তার হওয়া অপরজন রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)।
শাহআলী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে শাহআলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন তরুণ প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে দুষ্কৃতকারীদের ধাওয়া করে একজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের একজন প্রাণভয়ে কাছের তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া ওই দুষ্কৃতকারী পানিতে ডুবে যায়।
পরে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় লোকজন আটক দুষ্কৃতকারীকে পুলিশে দেয়।
নাশকতামূলক এ ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার দুষ্কৃতকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।