ট্রলারসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ট্রলারসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সংগ্রহীত ছবি

সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের একটি ট্রলারসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের আগে টেকনাফে ফেরার পথে এ ঘটনা ঘটে।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গোপসাগরের মাছ শিকার শেষে ফেরার পথ সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের কাছাকাছি থেকে একটি ট্রলারসহ ৬ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

এ ছাড়া আরো কয়েকজন জেলেকে ধরে নিয়ে যাওয়া খবর পাচ্ছি, তবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্রলার মালিক জাকির হোসেন বলেন, আমার ট্রলার নিয়ে গত ১৫ নভেম্বর আব্দুর করিম মাঝিসহ ৬ জেলে সাগরে মাছ শিকারে যান। সর্বশেষ ১৮ নভেম্বর সকালে টেকনাফে ঘাটে ফেরার পথে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের আগে কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ধাওয়া করে আরাকান আর্মি। এ সময় ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায় তারা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ট্রলারসহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।

এদিকে মায়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, গত ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয়।

সেখানে তারা চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করে। পরে তাদের মুক্তি দেওয়া হয়। কিন্তু এখন আইন অমান্য করার কারণে ফের এসব ট্রলার ধরা হচ্ছে। এ ছাড়া মঙ্গলবার সেখানে ১৬ জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ করে তারা।

এর আগে গত ১২ নভেম্বর সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে বাংলাদেশি দুটি ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করে আরাকান আর্মি।