খেলায় মারামারির ঘটনায় ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি: কুবি

খেলায় মারামারির ঘটনায় ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি: কুবি

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় মার্কেটিং বিভাগের পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে ছয় মাসের জন্য সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয় এবং চারজনকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কার ও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। শৃঙ্খলা কমিটির নবম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

‎অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কৃত শিক্ষার্থী হলেন শাফায়েত রহমান ভুঁইয়া (২০১৯-২০ শিক্ষাবর্ষ)। হল থেকে বহিষ্কৃত ও ক্রীড়া নিষিদ্ধ শিক্ষার্থীরা হলেন মাহবুব হাসান ও হাসান মাহমুদ সাফিন (২০২১-২২), মো. শাহরিয়ার ইসলাম সৌরভ (২০২৩-২৪) এবং জয়নাল আবদীন হৃদয় (২০২৪-২৫)।

‎তদন্ত প্রতিবেদনে জানানো হয়, গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা–২০২৫’-এ মার্কেটিং বিভাগের রাকিবকে ফাউল করা হলে রেফারি তাদের অনুকূলে ফ্রি-কিক দেন। এ সময় মার্কেটিং বিভাগের অধিনায়ক মুজিবুর রহমান প্রত্নতত্ত্ব বিভাগের গোলরক্ষক হাসমত আলীর দিকে এগিয়ে গেলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দর্শক শাফায়েত রহমান মাঠে প্রবেশ করে গোলরক্ষককে মারধর করেন। পরে আরও কয়েকজন দর্শক ও খেলোয়াড় সংঘর্ষে অংশ নেন। তদন্তে প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে কোনো উসকানি বা আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।

‎তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ঘটনাটি উভয়পক্ষের উপস্থিতিতে বিশ্লেষণ করে ভিডিও ফুটেজ ও সাক্ষ্য অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং শৃঙ্খলা বোর্ডের সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে পরবর্তী খেলাগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।