রাজধানীর রামপুরায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর রামপুরায় যাত্রীবাহী বাসে আগুন

ছবি: সংগৃহীত

‎রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান। 

তিনি বলেন, ‘আমরা রাত ১০টার দিকে বাসে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে, এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার পর বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ হয়েছে। জনমনে আতঙ্ক ছড়াতে কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে।

‎ঘটনা সম্পর্কে জানতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মেদকে মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।