ফরিদপুরে পদ ফিরে পেলেন বিএনপির ৪ নেতা
ফাইল ছবি
ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চার নেতার পদ ফেরত দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ ফেরত পাওয়া নেতারা হলেন সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ বেপারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি ইশারত, চরভদ্রাসন উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জানে আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে সদরপুর কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ বেপারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি ইশারত, চরভদ্রাসন উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জানে আলমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে তারা কার্যকর ভূমিকা রাখবে বলে দল আশা রাখে।
এ বিষয়ে ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে এদের বহিষ্কার করা হয়েছিল।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সদরপুর উপজেলার তিনজন ও চরভদ্রাসন উপজেলার একজনকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে। তারা এখন থেকে দলীয় নীতি-সিদ্ধান্ত মেনে ধানের শীষের বিজয়ের লক্ষে আগামী নির্বাচনে কাজ করবেন।