ভাতিজার লাথিতে চাচার মৃত্যু

ভাতিজার লাথিতে চাচার মৃত্যু

প্রতিকি ছবি

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পরে জনতা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভাতিজাকে গণপিটুনি দেয়। উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।  

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, নিহত ব্যক্তির ভাতিজা আলী আহমদকে আটক করে থানায় আনার পথে পুলিশের ভ্যান আটকে তাকে মারধর করা হয়েছে। আলী আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ কালূ (৭৫) ওই এলাকার মৃত মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত ভাতিজার নাম আলী আহমদ (৬২)। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক জায়গা নিয়ে মোহাম্মদ কালুর সঙ্গে আলী আহমদের বিরোধ ছিল। সকালে এ জমি নিয়ে তর্কাতর্কি হয়, এক পর্যায়ে আলী আহমদ চাচা মোহাম্মদ কালকে লাথি দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশও সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে পুলিশ আলী আহমদকে আটক করে নিয়ে যেতে চাইলে মোহাম্মদ কালুর স্বজনেরা আলী আহমদকে ছিনিয়ে নিয়ে মারধর করেন। এ সময় আলী আহমদের বাড়িঘরও ভাঙচুর করা হয়। পাশাপাশি আলী আহমদের স্ত্রী পারভিন আকতারকেও মারধরের অভিযোগ উঠেছে।