ফরিদপুর ভাঙ্গায় খেলাফত মজলিসের তোরণে আগুন, প্রতিবাদে সংবাদ সম্মেলন
সংগ্রহীত ছবি
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার কার্যালয়ে ইসলামি সমমনা ৮ দলীয় জোটের ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গা পৌর শাখার আমির মুহাম্মদ এনায়েত হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলার সহ-সভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান, খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলার মিডিয়া সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কাছাকাছি জায়গায় খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার একটি তোরণ ছিল। তোরণটিতে বুধবার সন্ধ্যার পরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। এতে তোরণটি ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই।
এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে তারা প্রশাসনকে অনুরোধ জানান।
তারা আরো বলেন, এ বিষয়ে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। ইতোমধ্যে ভাঙ্গা থানার একজন পুলিশ কর্মকর্তা আমাদের সঙ্গে কথা বলেছেন।
এদিকে বুধবার রাতে তোরণে অগ্নিকাণ্ডের খবর শুনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা এক ভিডিও বার্তায় বলেন, দুঃখজনক এ ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করছি। অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানাই।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ঘটনার খবর শুনে পুলিশ পাঠিয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।