‘তারেক-ইউনূসের বৈঠকই নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে’

‘তারেক-ইউনূসের বৈঠকই নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে’

সংগ্রহীত ছবি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, দেশ যখন নির্বাচন শঙ্কায় ছিল তখন লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেছে। দেশের সংকটকালের প্রধান কাজ হিসেবে নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন এই দুই মহানায়ক।

বুধবার (২৬ নভেম্বর) কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলার বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন যখন শঙ্কায় রূপান্তরিত হয়েছে, তখনি বার বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য আওয়াজ তুলেছে।

তারেক রহমান, খালেদা জিয়ার পরামর্শে ড. ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠকে বসেন এবং জাতির জন্য কল্যাণকর একটি সিদ্ধান্তে পৌঁছান। আমি দলকে ঐক্যবদ্ধ করব, সবাইকে নিয়ে কাজ করব, কুমিল্লাবাসীর প্রত্যাশার সঙ্গে মিল রেখে কুমিল্লাকে সাজিয়ে তুলব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমি এই কোতোয়ালির সন্তান। একবার ইচ্ছে ছিল কোতোয়ালি থেকে নির্বাচন করার।

শেষ বয়সে আল্লাহ সেই ইচ্ছে পূরণ করেছে, তারেক রহমান আমাকে দলের মনোনয়ন দিয়েছেন। আপনারা আমাকে একবার সুযোগ দিন আমি ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক কুমিল্লাকে বদলে দেব ইনশাআল্লাহ। এই কুমিল্লা হবে আধুনিক নগরী।

লিফলেট বিতরণ কর্মসূচি নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে শুরু করে রাণীরবাজার, ধর্মপুর পূর্ব চৌমুহনী হয়ে রেসকোর্স বাদশাহ মিয়া বাজারে এসে শেষ হয়।

এ সময় মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিলা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, তাঁতি দলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পিটার, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সাবেক প্যানেল মেয়র আব্দুস সালাম মাসুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।