গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন রিয়াদ মেট্রো

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন রিয়াদ মেট্রো

ছবিঃ সংগৃহীত।

রিয়াদ মেট্রো আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো নেটওয়ার্ক হিসেবে।১৭৬ কিলোমিটারব্যাপী এ আধুনিক নেটওয়ার্ক সউদী আরবের পরিবহন খাতে দ্রুত অগ্রগতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

সউদী প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, রিয়াদ মেট্রো সউদী রাজধানীর বৃহৎ জনপরিবহণ উদ্যোগের একটি প্রধান উপাদান। ছয়টি সমন্বিত লাইনে গঠিত এ মেট্রো নেটওয়ার্কে রয়েছে ৮৫টি স্টেশন, যেখানে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।

সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাইভারবিহীন এসব ট্রেন উন্নত কন্ট্রোল রুমের মাধ্যমে পরিচালিত হয়, যা উচ্চমাত্রার নির্ভুলতা, নিরাপত্তা ও মান নিশ্চিত করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ মেট্রো শহরের নগরযাতায়াত সহজ করা, যানজট কমানো এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার মাধ্যমে টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে বিশেষভাবে নকশা করা হয়েছে।

রিয়াদের জনপরিবহণ ব্যবস্থা- মেট্রো ও বাস - শহরের যোগাযোগব্যবস্থা, অর্থনীতি, নগর উন্নয়ন ও সামাজিক কাঠামোকে সমর্থন করছে।

সউদী প্রেস এজেন্সি আরো জানায়, এ অর্জন রিয়াদ সিটির রয়্যাল কমিশনের উদ্ভাবননির্ভর ও টেকসই নগর পরিবহন ধারণা গ্রহণের প্রতিফলন। পাশাপাশি আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও সউদী ভিশন ২০৩০ বাস্তবায়নের প্রতি দেশের অঙ্গীকারও তুলে ধরেছে এটি।