সাম্প্রদায়িক শক্তি দেশের বারোটা বাজাতে প্রস্তুত : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
সংগ্রহীত ছবি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আজ দেশে আওয়ামী লীগ ও এর নেতারা নেই, পালিয়ে গেছেন। সুতরাং আমরা লড়াইটা করব কার সঙ্গে? এখন এ ডিভিশনের খেলোয়াড় যদি সি ডিভিশনের সঙ্গে খেলতে হয়, সেই খেলায় তেমন আনন্দ নেই। দর্শকদেরও কোনো আনন্দ নেই। সে কারণে আজ নির্বাচনের মধ্য দিয়ে ওই সাম্প্রদায়িক শক্তি তারা জোট হচ্ছে।
বাংলাদেশে আজ গণতান্ত্রিক ধারাকে বিসর্জন দিয়ে দেশের বারোটা বাজাতে তারা প্রস্তুত।’
গতকাল শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সমর্থনে হিন্দু মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি কত ভয়ংকর তা ফ্যাসিবাদের চেয়ে বেশি। যদি কোনো দিন বিপদে পড়েন সেদিন তিলে তিলে মরতে হবে আমাদের।
আগামীর বাংলাদেশে ধানের শীষ ছাড়া বিকল্প কিছু নেই, যা আছে সেটা সাম্প্রদায়িক শক্তি। তাই এই সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে কী হবে, তা কিছুদিন যাবত্ বুঝতে পারতেছেন।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্রের লড়াই করতে করতে বেগম খালেদা জিয়া আজ মৃত্যুপথযাত্রী। খালেদা জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে, গণতন্ত্র ফেরত পাব।
তিনি বেঁচে থাকলে আমাদের আকাঙ্ক্ষা—মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা পূরণ হবে।’
তিনি হিন্দু সম্প্রদায়, মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কাছে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দোয়া চান।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। রামকৃষ্ণভক্ত সেবাসংঘ ও আলী আজগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধনন্দ চক্রবর্তীর সভাপতিত্বে জেলা পূজা উদযাপন কমিটি ও অন্যান্য সনাতনী সংগঠনের নেতারা বক্তব্য দেন।