বড় ভাই আইসিইউতে, দেখতে যাওয়ার পথে ঝরল ছোট ভাইসহ ২ জনের প্রাণ

বড় ভাই আইসিইউতে, দেখতে যাওয়ার পথে ঝরল ছোট ভাইসহ ২ জনের প্রাণ

সংগ্রহীত ছবি

বড় ভাই শহিদুল ইসলাম যশোরের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি, তাকে দেখতে যাওয়ার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই সেলিম রেজাসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের জগহাটি জোড়াপুল ব্রিজ (বিশ্ববিদ্যালয়-সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেলিম রেজা (৪৫) মহেশপুর উপজেলার আলিসা গ্রামের আফিল উদ্দিন বিশ্বাসের ছেলে। নিহত অপরজন হলেন একই গ্রামের মো. তাহাজ্জেলের ছেলে ইব্রাহিম হোসেন (৪২)।

 

নিহতদের প্রতিবেশী মো. আব্দুল হাকিম বলেন, যশোরের একটি বেসরকারি হাসপাতালে সেলিমের বড় ভাই শহিদুল ইসলাম আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন হলে হাসপাতাল থেকে সেলিমকে কল করা হয়। তাৎক্ষণিক ইব্রাহিম নামের একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে হাসপাতালে রওনা হন সেলিম। পথে যশোর-চৌগাছা সড়কের জগহাটি জোড়াপুল ব্রিজ এলাকায় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন।

 

 

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, সঠিকভাবে কেউ বলতে পারছে না কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই আমরা মরদেহ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই। ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।