পাইকারগাতী গ্রামে জমি নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বাসহ পরিবারের সাত জনকে পিটিয়ে জখম
প্রতিকী ছবি
জমিসংক্রান্ত বিরোধ নিয়ে এক অন্তঃসত্ত্বা নারীসহ সাতজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরে হুমকি এবং থানায় দেওয়া মাদক ব্যবসার অভিযোগে বর্তমানে বাড়িছাড়া রয়েছে আহতরা। আহত পরিবারটির বাড়ি নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পাইকারগাতী গ্রামে।
ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা সবুজ জানান, লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর পা ভেঙে দেওয়া হয়েছে।
বৃষ্টি আক্তার জানান, তিনি অন্তঃসত্ত্বা হলেও তাঁকে ছাড় দেওয়া হয়নি। পেটে লাথি মারা হয়েছে।
ওই পরিবারের কর্তা রুস্তম মিয়া জানান, গত শনিবার জমি মাপামাপি করার সময় তাঁর ভাই ওসমান, দুলাল মিয়া, ওসমানের ছেলে রেনু মিয়াসহ কয়েকজন তাঁকে বাধা দেন। পরে তাঁকে সেখানে ফেলে মারধর করা হয়।
তাঁকে বাঁচাতে স্ত্রী নাসিমাসহ সন্তানরা ছুটে এলে দেশি অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করা হয়। রেনু মিয়া এবং তাঁর লোকজন আবারও তাঁদের মারধরের হুমকি দিয়েছেন। ফলে ভয়ে তাঁরা দরিল্লা গ্রামে আশ্রয় দিয়েছেন।
ওসমানের ছেলে রেনু মিয়া দাবি করেন, রুস্তম মিয়ার ছেলেরা বাড়িতে গাঁজার আসর বসায়।
সেই জন্য তাঁদের শাসন করা হয়েছে। তবে শাসনটা একটু বেশি হয়ে গেছে।
গ্রামের মসজিদের ইমাম মোকাররম হোসাইন বলেন, রুস্তমের বাড়িতে গাঁজার আসার বসানোর তথ্যটি সঠিক নয়।
গ্রামের কয়েকজন নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেনু মিয়া অযথা দরিদ্র পরিবারের নারী ও পুরুষ সদস্যদের মারধর করে নিজের শক্তি প্রদর্শন করেছেন।
নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজহিদুল ইসলাম জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।
তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।