চুনারুঘাটে নেই ইউএনও-এসিল্যান্ড, চরম দুর্ভোগে সেবা গ্রহীতারা

চুনারুঘাটে নেই ইউএনও-এসিল্যান্ড, চরম দুর্ভোগে সেবা গ্রহীতারা

সংগ্রহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক ও ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, উত্তরাধিকার সনদ, চারিত্রিক সনদসহ জরুরি সেবা নিতে এসে কয়েকদিন ধরে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার (১ ডিসেম্বর) চুনারুঘাটের ইউএনও শফিকুল ইসলামকে ঢাকায় বদলি করা হয়। তিনি দায়িত্বে থাকাকালীন পৌরসভা, উপজেলা পরিষদ, ভূমি অফিসসহ মোট ৪টি দপ্তরের কার্যক্রম তদারকি করতেন।

অপরদিকে, সদ্য যোগদান করা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায় ৬ মাসের প্রশিক্ষণে চলে যান। ফলে দীর্ঘদিন ধরে ইউএনও একাই একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ সামাল দিয়ে আসছিলেন। কিন্তু তিনিও বদলি হয়ে চলে যাওয়ায় বর্তমানে উপজেলার ৪টি দপ্তর কার্যত অচল হয়ে পড়েছে।

ভুক্তভোগী স্থানীয়রা জানান, কখন কর্মকর্তা আসবেন বা কবে থেকে স্বাভাবিকভাবে কাজ শুরু হবে, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

এতে করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে।

সেবাগ্রহীতা মামুন মিয়া জানান, নামজারির জন্য ৩ বার অফিসে এসেছি, কিন্তু প্রতিবারই শুনি ‘স্যার নেই, পরে আসেন’। এত দূর থেকে এসে সময় ও টাকা দুইটাই নষ্ট হচ্ছে।

একই অভিযোগ করেছেন সদর ইউনিয়ন থেকে আসা রহিমা বেগম।

তিনি বলেন, আমার ছেলে বিদেশে যাবে, জরুরি একটি সনদ দরকার। কিন্তু অফিসে এসে দেখি কেউ সিদ্ধান্ত নেওয়ার মতো নেই।

এদিকে সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মাধবপুরের ইউএনও মো. জাহিদ বিন কাশেমকে। তবে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করায় মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে ভারপ্রাপ্তভাবে চুনারুঘাটের ৪টি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করতে হচ্ছে।