রোববার থেকে খুলছে স্কুলের তালা, স্থগিত প্রাথমিকের শিক্ষকদের ‘শাটডাউন’

রোববার থেকে খুলছে স্কুলের তালা, স্থগিত প্রাথমিকের শিক্ষকদের ‘শাটডাউন’

ফাইল ছবি

অবশেষে স্কুলের তালা খুলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তিন দফা দাবি আদায়ে ‘কমপ্লিট শাটডাউন’বা ‘তালাবদ্ধ’ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন তারা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে রোববার (৭ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষায় ফেরার ঘোষণা দিয়েছেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েঝে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায়ে বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হলো।

এতে আরও বলা হয় , আগামী রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা চলবে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কমসূচি ঘোষণা করা হবে।

সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার থেকে 'কমপ্লিট শাটডাউন' বা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সহকারী শিক্ষকেরা। তাদের বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বর্তমান বেতন গ্রেড ১১ তম। আন্দোলনের মুখে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দুই ধাপ বাড়িয়ে ১১তম করতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষকেরা বলছেন, অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। 

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে বেশিরভাগই সহকারী শিক্ষক।