চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনের ২০ লাখ টাকা জমা হয়নি হিসাবে

চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনের ২০ লাখ টাকা জমা হয়নি হিসাবে

সংগ্রহীত ছবি

চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধন বিভাগে দীর্ঘদিন ধরে অনিয়ম ও অব্যবস্থাপনা চরমে পৌঁছেছে। শুরু থেকে এ পর্যন্ত নাগরিকদের জন্ম নিবন্ধন বাবদ আদায় করা ২০ লক্ষাধিক টাকা সরকারি হিসাবে জমা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মচারীদের যোগসাজশে এই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায়, চান্দিনা পৌরসভায় ২০০৬ সাল থেকে হাতে লেখা জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

 

২০১২ সালের শেষ দিক থেকে জন্ম নিবন্ধন অনলাইন কার্যক্রম শুরু হয়। জন্ম নিবন্ধন বিধি অনুযায়ী শূন্য থেকে ৪৫ দিন পর্যন্ত বিনা পয়সায়, পাঁচ বছরের নিচে শিশুর জন্ম নিবন্ধনের সরকারি ফি ২৫ টাকা ও পাঁচ বছরের বেশি বয়সের ক্ষেত্রে ফি ৫০ টাকা নির্ধারিত। কিন্তু এর চেয়ে বেশি টাকা আদায় করা হলেও ন্যূনতম সেই ফি সরকারি অ্যাকাউন্টে জমা রাখা হয়নি। নাম প্রকাশ না করা শর্তে একাধিক কর্মচারী জানান, ২০১৩ সাল থেকে পৌরসভার কাছে জন্ম নিবন্ধন অনলাইন ফি বাবদ জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ২৮ লাখ টাকা পাওনা হয়।

 

 

৮ লাখ টাকা পরিশোধ করলেও এখনো প্রায় ২০ লাখ টাকা বাকি। জন্ম নিবন্ধন কাজে নিয়োজিত টিকাদান সুপারভাইজার আব্দুল ওয়াদুদ  বলেন, ‘আমি বা আমার দপ্তর কোনো টাকা আত্মসাৎ করেনি।’

 

পৌর প্রশাসক ও ইউএনও আশরাফুল হক জানান, ‘বিষয়টি জানার পর কোন অর্থবছরে কত টাকা বকেয়া সেই হিসাব চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।’