ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সড়ক অবরোধ
সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শনিবার বিকেল পাঁচটার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় এ অবরোধ শুরু হয়। এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অবরোধকারীরা ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের প্রশাসন এখনও গ্রেপ্তার করতে পারেনি, এটা অত্যন্ত লজ্জার। হামলার এ ঘটনাটি পরিকল্পিত। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।