সেনবাগে ৩ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, আহত ১০
প্রতিকি ছবি
সেনবাগে ৩ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী ফোর লেন মহাসড়কের ছমির মুন্সির হাট বাজারে ওই গণপিটুনির ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের ধাওয়া করে ধরার চেষ্টার সময় ছিনতাইকারীদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।
গণপিটুনির শিকার ৩ ছিনতাইকারী হচ্ছেন দ্বীপ উপজেলা হাতিয়া সোনাদিয়া গ্রামের আলী আহাম্মদের ছেলে মো. ইমরান (৪৫), সুবর্নচর উপজেলার চরবাটা গ্রামের আবদুল্লাহ ছেলে মো. মনির হোসেন (৪৫) ও লক্ষ্মীপুরের কমল নগর থানার চরজগবন্ধু গ্রামের নুর কবিরের ছেলে জাকির হোসেন(৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জের চাপারাশিরহাট বাজার থেকে একজন মহিলা সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এ সময় যাত্রবেশী আটক ওই তিন ছিনতাইকারী ওই মহিলার কাছে থাকা স্বর্ণালকার ও টাকা পয়সা ছিনতাই করে তাকে অটোরিকশা থেকে ফেলে দেয়। তাৎক্ষণিক মহিলা চিৎকার শুরু করলে বাজারে থাকা লোকজন ও কয়েকজন মোটরসাইকেল আরোহী সিএনজিচালিত অঠোরিকশাটিকে ধাওয়া করে। ছিনতাইকারীরা তাদের নিকট থাকা দেশীয় অস্ত্র দিয়ে ৫/৬ মোটরসাইকেল আরোহীকে আঘাত করে আহত করে। চাপরাশিরহাট থেকে ধাওয়া করে সেনবাগের ছমির মুন্সির হাট বাজার জাহাঙ্গীর আলম কমপ্লেক্সের সামনে পৌঁছালে একটি ট্রাকের সামনে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটি থামলে ধাওয়া করা মোটরসাইকেল আরোহীরা চিৎকার দিলে স্থানীয়রা সিএনজিতে থাকা তিন ছিনতাইকারীকে আটেক করে গণপিটুনি দেয়।
পরে খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ তিন ছিনতাইকারীকে তাদের হেফাজতে নিয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত নাম্বারবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।