চুয়াডাঙ্গা–মেহেরপুর সীমান্তে বিজিবির সতর্কতা জারি
ফাইল ছবি
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিরা যাতে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে সীমান্তজুড়ে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লে. কর্নেল নজমুল হাসান বলেন, ব্যাটালিয়নের আওতাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
তিনি আরও জানান, গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের সবগুলো পয়েন্টে দিন-রাত তল্লাশি জোরদার রাখা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।