ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতিকী ছবি
ঝালকাঠির বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মাঝে পিষ্ট হয়ে মিজান খান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরোহী বাদল খান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যান ও বাসের চালককে আটক করেছে।
নিহত মিজান খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য ছিলেন। নিহতের স্বজনরা জানান, মিজান তার সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদল খানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে পিরোজপুরগামী একটি কাভার্ড ভ্যানকে অতিক্রম করার সময় পেছনে থাকা মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে বাস ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজান খানকে মৃত ঘোষণা করেন। আহত বাদল খানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় কাভার্ড ভ্যান ও বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গাড়ি দুটির চালকসহ যানবাহন আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।