ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে ১ যুবককে পিটিয়ে হত্যা
প্রতিকী ছবি
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি।
বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া।
নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস।
পুলিশ জানিয়েছে, তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন।
ভালুকা থানার ডিউটি অফিসার জানান, নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত নয়টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। এরপর মরদেহে আগুন দেওয়া হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত দাসের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।