হাদির খুনিদের ভারত থেকে অবিলম্বে বের করতে হবে: সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
সংগ্রহীত ছবি
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, হাদির খুনিদের অবিলম্বে ভারত থেকে বের করতে হবে। এটি আমাদের মৌলিক দাবি। যতক্ষণ পর্যন্ত তাদের ফেরত দেওয়া না হবে, ততক্ষণ ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন না।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে শাহবাগে বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ভারতকে আমাদের কথা শুনতে হবে। খেল-তামাশা বন্ধ করতে হবে। অন্যথায় আমাদের যেমন ঘুম হারাম হয়েছে, আপনাদেরও তেমনি ঘুম হারাম করে দেব।
তিনি আরও বলেন, পাঁচ আগস্টের মতো আমরা আবারও রাজপথে নেমেছি।
আমরা শহিদি মৃত্যু চাই। অবিলম্বে ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত চাই। এটি কোনো সুশীল দাবি নয়; আমরা দাবি কার্যকর করতে চাই। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছি।
জুলাই গণহত্যার বিপক্ষে অবস্থান নেওয়ার সুযোগ ভারতের ছিল। এই দেশের পটপরিবর্তন স্বীকার করুন, তরুণ প্রজন্মকে মেনে নিন।
তিনি বলেন, আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক রূপান্তর হবে বলে তিনি আশাবাদী।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।