তারেক রহমানের অভ্যর্থনায় লাখো নেতাকর্মীর সমাগম হবে: সপু

তারেক রহমানের অভ্যর্থনায় লাখো নেতাকর্মীর সমাগম হবে: সপু

মীর সরফত আলী সপু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করতে বিএনপির নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।’

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শ্রীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা এবং ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু আরও বলেন, ‘অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জুলাই যোদ্ধা আমাদের ভাই ওসমান হাদীকে নির্মমভাবে হত্যা করেছে। আজকের দিনটি আমাদের জন্য এবং সমগ্র জাতির জন্য অত্যন্ত শোকাবহ।’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে যে শোক প্রকাশ করা হয়েছে, সেই শোকে আমরাও গভীরভাবে শোকাহত। আজ আমরা তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করছি-আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।