গাইবান্ধায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ নুরু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার। গ্রেফতার নুরু মিয়া সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের পুরাতন জেলখানার মোড় এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে সন্দেহভাজন নুরু মিয়াকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তার পরিহিত লুঙ্গির কোঁচে রাখা সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে নুরু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।