নোয়াখালীতে মাদক কারবারির মরদেহ উদ্ধার

নোয়াখালীতে মাদক কারবারির মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাতের বেলা ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসতঘরের পেছনে একটি কড়ই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫) একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সী নিজের বসতঘর থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত মুন্সী আগে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তবে কিছুদিন আগে তিনি ওই পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করে অভিযোগ করেছে, তাকে অন্য কোথাও পিটিয়ে হত্যা করার পর নারীদের ব্যবহৃত ম্যাক্সি ও ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।