ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলগুলোর আরও তিন আরোহী। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু বক্কর একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। তিনি রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। পালিয়ে গেছেন অপর মোটরসাইকেলের চালক সিজন (২১)।

দুর্ঘটনায় আহতরা হলেন- কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও সিফাত আহমেদ (২০)। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুই দিক থেকে আসা মোটরসাইকেল দুটি মুখোমুখি ধাক্কা দিলে প্রচণ্ড শব্দ হয়। পরে স্থানীয়রা দ্রুত গিয়ে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। 

অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।