বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজিব গ্রেফতার

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজিব গ্রেফতার

প্রতিকি ছবি

বগুড়ার সাবগ্রামসহ পূর্ব বগুড়া এলাকায় ত্রাস হিসেবে পরিচিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বগুড়া জেলা কমিটির নেতা মো. সজিবকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সজিব বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকার চক আলম গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, সজিবের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পূর্ব বগুড়া এলাকায় ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সাবগ্রাম ও চক আলম এলাকায় তিনি একটি সংঘবদ্ধ গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানো এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে।

সজিব গ্রেফতার হওয়ায় খামারকান্দি, চক আলম ও ছাতিয়ানতলা এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সাবগ্রাম এলাকার ব্যবসায়ী মোখলেছুর রহমান মুক্তার বলেন, সজিব এলাকায় একটি গ্রুপ পরিচালনা করে নিয়মিত চাঁদাবাজি করত। তাকে গ্রেফতার করায় আমরা স্বস্তি পেয়েছি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গ্রেফতার সজিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।