পাবনা-৪ আসনে ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন থেকে লড়তে এখন পর্যন্ত পাঁচজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে একজন বিএনপির দলীয় প্রার্থী ও তিনজন বিএনপি ঘনিষ্ঠ বলে পরিচিত। এ ছাড়া জামায়াতে ইসলামীর একজন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার বিএনপির নেতা-কর্মী ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি জামিল আক্তার এলাহীর পক্ষে তার সমর্থকেরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।
একই দিন দুপুরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল নিজে মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে ২২ ডিসেম্বর পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের পক্ষে তার সমর্থকেরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
২১ ডিসেম্বর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এছাড়া বিএনপি দলীয় প্রার্থী হিসেবে এই আসনে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছে। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক। গত বৃহস্পতিবার দুপুরে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান জানান, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন আচরণবিধি ও বিধিমালা অনুযায়ী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাবনা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ১১১ জন। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় ২ লাখ ৯১ হাজার ২৪০ জন এবং আটঘরিয়া উপজেলায় ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮৭১ জন।