গোপালগঞ্জ পৌরসভায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ পৌরসভায় ৩০ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উদ্যোক্তাদের হাতে সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক হস্তান্তর করা হয়।
সমাজসেবা অধিদফতরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জুলফিকার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে ঋণের চেক তুলে দেন।
এ সময় গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা বলেন, পৌরসভার পাঁচটি মহল্লার ৫৮টি স্কিমে ২৯ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া দুটি স্কিমে দগ্ধ ও প্রতিবন্ধী দুই ব্যক্তিকে ১ লাখ টাকার এ ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭ লাখ টাকা পুনর্বিনিয়োগ করা হয়েছে। ৩ লাখ টাকা নতুন বিনিয়োগ হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, স্কিমপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সে হিসাবে মোট ৬০টি স্কিমে ৩০ লাখ টাকা বিতরণ করা হয়।