ইরানে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি
ফাইল ছবি।
ইরানের উত্তরাঞ্চলে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের তথ্যমতে, ২০২২ সালে ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে ধর্ষণের ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর, যাদের পরিচয় প্রকাশ করা হয়নি, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে গত মাসে উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের দায়ে দোষী এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানে হত্যা ও ধর্ষণসহ গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সাধারণত ভোরবেলায় ফাঁসিতে ঝুলিয়ে এসব দণ্ড কার্যকর করা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, চীনের পর বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ইরানের অবস্থান দ্বিতীয়।