ঘুমের মধ্যেই ১১তলা থেকে পড়ে গেলেন বৃদ্ধ

ঘুমের মধ্যেই ১১তলা থেকে পড়ে গেলেন বৃদ্ধ

ছবিঃ সংগৃহীত।

ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যের সুরাত এলাকার। সেখানে ঘুমন্ত অবস্থায় ১১তলার জানালা থেকে গড়িয়ে পড়ে যান এক বৃদ্ধ।কিন্তু অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন তিনি। মৃত্যুর মুখ থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

রুদ্ধশ্বাস উদ্ধারকাজ চলেছে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে।

জানা গেছে, ৫৭ বছরের ওই ব্যক্তির নাম নিতিন আদিয়া। তিনি সুরাতের জাহাঙ্গীরাবাদ এলাকার বাসিন্দা। একটি বহুতল ভবনের ১১ তলায় তার ফ্ল্যাট।

সেখানেই খোলা জানলায় শুয়ে ঘুমাচ্ছিলেন নিতিন। ঘুমের ঘোরে আচমকা বাইরের দিকে গড়িয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই পড়ে যান নীচে। ১১তলা থেকে পড়ে মৃত্যু কার্যত নিশ্চিত ছিল।

তবে ভাগ্য সহায় ছিল ওই বৃদ্ধের। নবম তলার ফ্ল্যাটের জানালায় একটি ধাতব গ্রিলে তিনি আটকে যান।

প্রায় ঘণ্টাখানেক ওই গ্রিলে আটকে ঝুলে ছিলেন নিতিন। তার মাথা ছিল নীচের দিকে এবং পা ছিল উপরের দিকে। এই ঘটনার একাধিক ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগধ্যমে ছড়িয়ে পড়েছে।

নাটকীয় সেই সমস্ত ভিডিওতে দেখা গেছে, কীভাবে জীবন ও মৃত্যুর মাঝে ঝুলে আছেন ওই বৃদ্ধ। ভয়ে চিৎকারও করছিলেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফোন যায়। জরুরি ভিত্তিতে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। ১১তলা থেকে দড়ি এবং বেল্টের সাহায্যে বৃদ্ধকে উদ্ধার করা হয়। প্রায় ঘণ্টাখানেক পর নবম তলার খোলা জানালার সামনে নিরাপদ স্থানে পৌঁছান তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে আপাতত তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। উদ্ধারকারীদের ধন্যবাদ দিয়েছেন ওই বৃদ্ধের পরিবারের সদস্যরা।