ভূরুঙ্গামারীতে বাসের ধাক্কায় যুবক নিহত

ভূরুঙ্গামারীতে বাসের ধাক্কায় যুবক নিহত

ফাইল ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি এক্সপ্রেস বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল ৯টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা সদরের আন্ধারিঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেলে কুড়িগ্রাম যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত মোটরসাইকেল চালকের নাম ফারুক আহমেদ (২৯)। তিনি উপজেলার পাথরডুবি এলাকার হারুন অর রশিদের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম অপু (৩০) ঢাকার কামরাঙীরচরের মাদরাসাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।