আনসার-ভিডিপি সদস্য ও পরিবারবর্গের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

আনসার-ভিডিপি সদস্য ও পরিবারবর্গের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

সংগৃহীত ছবি

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের মানবিক দায়িত্বের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। 

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বগুড়া জেলার গাবতলী সরকারি কলেজ প্রাঙ্গণে শুরু হয় ক্যাম্পের প্রথম ধাপ। আগামী ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বগুড়া, জামালপুর, ভোলা ও লালমনিরহাটে তিন দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আনসার-ভিডিপি বগুড়া জেলা কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ, আনসার-ভিডিপির বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারী।

এই ক্যাম্পে বাহিনীর সদস্য এবং তাদের পরিবার বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা পাবেন। এতে চক্ষু ও দন্ত চিকিৎসাসহ সাধারণ রোগের পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ অন্তর্ভুক্ত। বিশেষ চক্ষু পরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী চোখের ছানি অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দাঁতের চিকিৎসা ও পরামর্শও বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

আনসার-ভিডিপি সদর দপ্তর জানায়, বাহিনী সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় আয়োজিত এই উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং বাহিনীর মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকারের প্রতিফলন।