বড় জয়ে বিপিএল মিশন শুরু ঢাকার

বড় জয়ে বিপিএল মিশন শুরু ঢাকার

সংগৃহীত ছবি

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ঢাকা ক্যাপিটালস

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

রাজশাহীর দেয়া ১৩৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। প্রথম দিকেই সাইফ হাসান ফিরে গেলে চাপ বাড়ে। এরপর উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন ৩৭ রানের জুটি গড়ে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। উসমান ১৮ রান করে ফিরে গেলে আবার ছন্দ হারায় ঢাকা।

অধিনায়ক মোহাম্মদ মিঠুনও বড় ইনিংস খেলতে পারেননি, তার ব্যাট থেকে আসে ১২ রান। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান আব্দুল্লাহ আল মামুন। হাফসেঞ্চুরি থেকে অল্পের জন্য বঞ্চিত এই ব্যাটার ৪৫ রান করে আউট হন।

পরবর্তীতে নাসির হোসেন ধীরগতির হলেও দায়িত্বশীল ইনিংস খেলেন। তার ১৯ রানের অবদান ঢাকাকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষদিকে শামীম ও সাব্বির চাপ সামলে ম্যাচ বের করে আনেন। সাব্বির ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন, শামীম ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। তাদের ১৮ বলে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতেই নিশ্চিত হয় ঢাকার জয়।

রাজশাহীর বোলারদের মধ্যে মোহাম্মদ নাওয়াজ ২১ রান দিয়ে ৩ উইকেট পান। তানজিম সাকিব ও সন্দীপ লামিচানে নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে রাজশাহী। ইনিংসের প্রথম বলেই সাহিবজাদা ফারহান স্টাম্পিং হন ইমাদ ওয়াসিমের বলে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ১৫ বলে ২০ রান করে ফিরলে চাপ আরও বাড়ে, তাকে আউট করেন নাসির হোসেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। ৮৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায় দলটি। একমাত্র লড়াই করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ২৮ বলে ৩৭ রান করেন, ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা। ইয়াসির আলী ১৫ বলে ১৩, মুশফিকুর রহিম ২৩ বলে ২৪ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। এসএম মেহরুব শূন্য রানে ফেরেন।

শেষদিকে মোহাম্মদ নওয়াজের অপরাজিত ২৬ বলে ২৬ রানে ভর করে কোনোমতে ১৩২ রানে পৌঁছায় রাজশাহী।

ঢাকার বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসির হোসেন ৩২ রান খরচায় শিকার করেন ২ উইকেট।