ক্যাচ ধরলেই কোটিপতি
সংগ্রহীত ছবি
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ-২০’র চতুর্থ আসর শুরু হয়েছে ২৬ ডিসেম্বর থেকে। এবার মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। তবে এবারের লিগে ক্রিকেটের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে দর্শকদের জন্য ঘোষিত বিশেষ পুরস্কার ‘বেটওয়ে চ্যালেঞ্জ’।
লিগের স্পনসর বেটওয়ে ঘোষণা দিয়েছে, ম্যাচ চলাকালে গ্যালারি থেকে কোনো দর্শক যদি এক হাতে ক্যাচ ধরতে পারেন, তবে তাকে দেওয়া হবে ২ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র্যান্ড পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। এই ঘোষণার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
জোবার্গ সুপার কিংস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচে আলোচনাটি আরও উসকে ওঠে। টানা দুই বলে দুইজন দর্শক এক হাতে ক্যাচ ধরে ফেলেন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। বিশেষ করে এক দম্পতির ক্যাচ ধরার পর একে অপরকে চুম্বন করার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ইন্টারনেটে ঝড় তোলে। অনেকেই দাবি করতে শুরু করেন, ওই দম্পতিই বুঝি জিতে নিয়েছেন পুরো ২ মিলিয়ন র্যান্ড।
তবে বাস্তবতা ভিন্ন। ২ মিলিয়ন র্যান্ড কোনো একক দর্শকের জন্য নয়। এটি পুরো মৌসুমের জন্য নির্ধারিত মোট পুরস্কার তহবিল। মৌসুমজুড়ে যতজন দর্শক এক হাতে ক্যাচ ধরতে পারবেন, তাদের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে।
গত মৌসুমে মোট ৯ জন দর্শক এই চ্যালেঞ্জে সফল হয়েছিলেন। তখন প্রত্যেকে পেয়েছিলেন প্রায় ১৭ লাখ টাকা করে। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া চেকেও স্পষ্টভাবে উল্লেখ থাকে এটি মোট পুরস্কার তহবিলের একটি অংশ।
সুতরাং আলোচিত ওই দম্পতি ঠিক কত টাকা পাবেন, তা এখনই নিশ্চিত নয়। পুরো মৌসুমে আরও কতজন দর্শক এক হাতে ক্যাচ ধরতে পারেন, তার ওপরই নির্ভর করবে তাদের প্রাপ্য অঙ্ক। তবে এটুকু নিশ্চিত তারা খালি হাতে ফিরছেন না, আর টাকার পরিমাণও নেহাত কম হবে না।