সেরি আ-তে হয়লুনের জোড়া গোলে লিগ টেবিলে দ্বিতীয় নাপোলি
সংগ্রহীত ছবি
ছন্দপতনের পর দ্রুতই ঘুরে দাঁড়াল নাপোলি। সেরি আ-তে ক্রেমোনেসের মাঠে ২-০ গোলের জয় তুলে নিয়ে লিগ টেবিলে এক ধাপ এগিয়ে গেল আন্তোনিও কন্তের দল। রবিবারের ম্যাচে নাপোলির জয়ের নায়ক ছিলেন ডেনিশ ফরোয়ার্ড গাসমুস হয়লুন, তিনি প্রথমার্ধেই জোড়া গোল করেন।
ম্যাচের ১৩তম মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় প্রথম গোলটি করেন হয়লুন। প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল কাছ থেকে জালে পাঠান তিনি। প্রথমার্ধের শেষ দিকে, ৪৫তম মিনিটে আবারও সুযোগ কাজে লাগান এই ফরোয়ার্ড। ছয় গজ বক্সের বাইরে পাওয়া বল নিচু শটে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
লিগের আগের রাউন্ডে উদিনেসের মাঠে হারের পর নাপোলি কিছুটা চাপে পড়েছিল। তবে তিন দিন পরই ইতালিয়ান সুপার কাপে দারুণ প্রত্যাবর্তন করে তারা। সেমিফাইনালে এসি মিলান ও ফাইনালে বোলোনিয়াকে হারিয়ে শিরোপা জিতে আত্মবিশ্বাসের সঙ্গে বড়দিনের বিরতিতে যায় দলটি।
বিরতির পর লিগে ফিরে আবারও শক্তির জানান দিল নাপোলি। এই জয়ে ১৬ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে তারা উঠে এসেছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।
এদিকে দিনের প্রথম ম্যাচে হেল্লাস ভেরোনাকে ৩-০ গোলে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে এসি মিলান। এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৩৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।