নোয়াখালীতে নিরবিচ্ছিন্ন গ্যাস দাবিতে গ্রাহকদের অবস্থান কর্মসূচি
সংগৃহীত ছবি
দীর্ঘদিন থেকে বাখরাবাদ গ্যাস সংকট ও নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ ও অফিসের সামনে অবস্থান করেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। এ সময় গ্যাস অফিসের গেট বন্ধ থাকায় গ্রাহকেরা এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।
সোমবার সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। এ সময় অফিসের লোক গেট বন্ধ করে দেন। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন এবং অফিসে উপমহাব্যবস্থাপক বরাবরে গ্যাসের দাবিতে লিখিত আবেদন করেন।
গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে নোয়াখালী সদরের পশ্চিম মাইজদী, সুজাপুর এলাকায় ভোর ৫টার পর থেকে গ্যাস থাকে না। গত তিন বছর থেকে তারা এ সমস্যায় ভুগছেন। এতে ছেলে মেয়েদের স্কুলে নাস্তাসহ রান্নাবান্নার ব্যাপক সমস্যা হচ্ছে।
এদিকে গ্রাহকরা অভিযোগ করে বলেন, আমরা নিয়মিত গ্যাসের বিল দিয়ে আসছি, কিন্তু সারাদিনও ১ ঘণ্টা গ্যাস পায় না। যদি তারা গ্যাসের বিলের জন্য আসে আমরা তাদেরকে বেঁধে রাখবো এবং কোনো বিল দেব না।
এ সময় গ্রাহক সৈয়দা নাসরিন আলম, হাজেরা বেগম, কফিল উদ্দিন, আবদুর করিম, আবদুর রহিম, নুর নবী, জামসেদ ও নাছেরসহ দুই শতাধিক গ্রাহক এই অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় ১৫০০ গ্রাহক দীর্ঘ তিন বছর থেকে গ্যাস পাচ্ছে না।
বাখরাবাদ গ্যাস অফিসের ডিজিএম আক্তারুজ্জামান জানান, আগামী কয়েকদিনের মধ্যে সরেজমিনে গিয়ে সমস্যার সমাধান করা হবে।