দার্জিলিংয়ের তাপামাত্রা নামলো ৪ ডিগ্রি সেলসিয়াসে, বৃষ্টি ও তুষারপাতের শঙ্কা
সংগৃহীত ছবি
উত্তুরে হাওয়ার দাপটে কনকনে শীতে কাঁপছে ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর দার্জিলিং। শৈলশহরটির তাপমাত্রা নেমে এসেছে মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াসে। এতে পাহাড়জুড়ে বেড়েছে শীতের তীব্রতা, বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।
পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাতে দার্জিলিংয়ে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, উত্তুরে হাওয়ার প্রভাবে বর্তমানে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়েই বিরাজ করছে। আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। বরং ২ বা ৩ জানুয়ারি বৃষ্টি ও তুষারপাতের (বরফ পড়া) আশঙ্কা রয়েছে। এতে তাপমাত্রা আরও কমে যেতে পারে।
হিমালয় পার্বত্য অঞ্চলঘেঁষা দার্জিলিংয়ে সারা বছরই তুলনামূলক ঠান্ডা থাকে। শীতকালে সাধারণত এখানকার গড় তাপমাত্রা থাকে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে কখনো কখনো তা গড়ের নিচে নেমে গেলে তুষারপাতও দেখা যায়।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রার দিক থেকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূম জেলা। সেখানে মঙ্গলবার রাতে শ্রীনিকেতনে তাপমাত্রা রেকর্ড হয়েছে সাড়ে ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর রয়েছে নদিয়া (৭ ডিগ্রি), সিউড়ি (৭.২ ডিগ্রি) ও আসানসোল (৭.৮ ডিগ্রি)।
এদিকে রাজ্যের উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংসহ সব জেলাতেই আগামী অন্তত চার দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শীতের প্রভাব পড়েছে রাজধানী কলকাতাতেও। মঙ্গলবার কলকাতার গড় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রিতে। সল্টলেক ও হলদিয়ায় তাপমাত্রা ছিল যথাক্রমে ১১.৪ ও ১১.২ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই দাপট আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।