রংপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
রংপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ জোহর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এ জানাজার আয়োজন করা হয়।
বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য রিটা রহমানের উদ্যোগে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হামিদুল ইসলাম। জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের দুই হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকায় জানাজার নামাজে অংশ নিতে না পারা নেতাকর্মীরা রংপুরে গায়েবানা জানাজার ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কোরআন খতমের আয়োজন করে বিএনপি। পাশাপাশি জেলা জুড়ে শোক ব্যানার টাঙানো হয় এবং গুরুত্বপূর্ণ সড়কে মাইকের মাধ্যমে কোরআন তেলাওয়াত প্রচার করা হয়।
রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকায় জানাজার আগ পর্যন্ত ওষুধ ও খাবারের দোকান ছাড়া নগরীর অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা