খাগড়াছড়িতে নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

খাগড়াছড়িতে নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ফাইল ছবি

নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে এ বছর বই বিতরণ করা হয়। 

শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই হাতে পেয়ে অনেক খুশি। শিক্ষার্থী আনাস মাহমুদ ও মো. মুনাফ জানায়, নতুন বছরের প্রথম দিন আজ। তার মধ্যে নতুন বই পেয়েছে তারা। নতুন বই পেয়ে দারুণ ভালো লাগতেছে। নতুন বই পেয়ে তাদের মতো অন্য শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত, আনন্দিত। 

শিক্ষার্থীর সঙ্গে অভিভাবক আনুচিং মারমা সন্তোষ প্রকাশ করেন। বর্তমান সরকার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

সকালে শহরের পাঁচটি বিদ্যালয় (খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি টিএনটি গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়াছড়ি মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয়) ঘুরে দেখেছেন এ প্রতিনিধি। সব বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ বছরে তারা শতভাগ নতুন বই পেয়েছেন। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষার বইও পেয়েছেন তারা। বেশির ভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই দিতে পেরেছেন এ বছর।

শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান, এ বছর তাদের বিদ্যালয়ের জন্য নতুন বছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষার বইসহ শতভাগ পেয়েছেন এবং শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮০ শতাংশ বই বিতরণ করতে পেরেছেন। বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত এবং আনন্দিত।

বর্তমান সরকার চায় কোনো শিশুই যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একদিন হয়তো সে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। দেশের জন্য কাজ করে যাবে শিক্ষার্থীরা।