গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ফাঁসিতলা সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত দুইজন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাসিন্দা। তবে দুর্ঘটনার পরপরই তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে প্রচণ্ড শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। সংঘর্ষের ফলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।